ঢাকা সংবাদদাতা: স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে সেন্টমার্টিন নিয়ে পরিবেশ অধিদপ্তরের পর্যটন সংক্রান্ত ধ্বংসাত্মক নীতিমালা প্রত্যাহার ও দৈনিক ৯০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন করেছে পর্যটন ব্যবসায়ীরা।
রোববার (১২ জুন) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সমুদ্র পাড়ি দিয়ে পর্যটকরা সেন্টমার্টিন যান। অথচ পরিবেশ অধিদপ্তর পর্যটক গমনে সীমারেখা বেঁধে দিয়ে কক্সবাজারের যাওয়া পর্যটকদের সেন্টমার্টিন দেখা থেকে বঞ্চিত করতে চাইছে।
এতে করে পর্যটকদের ভ্রমণে যেমন পরিপূর্ণতা আসবেনা একইভাবে এই রুটে কোটি টাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশন, জাহাজ মালিক সমিতি, সেন্টমার্টিন বোটমালিক সমিতি, ট্যুর গাইড এসোসিয়েশন, মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি, সেন্টমার্টিন হোটেল রিসোর্ট ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ অনেকে একাত্মতা প্রকাশ করেন।















