বিনোদন ডেস্ক: চীনের একটি ফ্যাশান শোতে অংশ নিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক রাশিয়ান মডেল। ১৪ বছর বয়সী ভ্লাদা জুবা টানা ১৩ ঘণ্টা ধরে র্যাম্পে হাঁটায় ক্লান্তিতে ভুগছিলেন।
র্যাম্পে হাঁটার সময়ই তিনি মঞ্চ থেকে পড়ে যান। এরপর অচেতন অবস্থায় ভ্লাদাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি রাখার পরও তার জ্ঞান ফেরেনা। অবশেষে দুই দিন পর তাকে মৃত বলে জানানো হয়।
দ্য সাইবেরিয়ান টাইমস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম ও ক্লান্তি এ মৃত্যুর অন্যতম কারণ। তার মা অক্সানার দাবি, ভ্লাদা ভীষণ ক্লান্ত ছিল এবং সে ঘুমাতে চাইছিল। সে আমাকে বলেছিল মা আমি খুব ক্লান্ত। আমি ঘুমাতে চাই। তখন থেকেই মেয়ের অসুস্থতা শুরু এবং সেখান থেকেই তা বাড়তে থাকে। এরপর আমি নিজেও ঘুমাতে পারিনি তাকে বহুবার ফোনে বলেছি হাসপাতালে যাবার জন্য।
চুক্তির নিয়মে দেখা যায়, ভ্লাদা সপ্তাহে মাত্র ৩ ঘণ্টা কাজের অনুমতি পেয়েছিলেন। তবে ওই মডেলিং এজেন্সি থেকে জানানো হয়েছে, এটা কেউই আশা করেনা। খুবই কষ্টের। আমরা বিষয়টি সামলে নেয়ার চেষ্টা করছি। ক্রেমলিনের মানবাধিকার কর্মীরা এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন।
সূত্র: দ্য সাইবেরিয়ান টাইমস












