সুনামগঞ্জ প্রতিবেদক: খাল-বিল, নদী-নালা কিংবা পুকুর নয়, এবার বসত ঘরের চালের উপর মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউপির হরিনাপাটি গ্রামের নিখোঁজ স্কুল ছাত্র জাকুয়ান মিয়ার (১০) লাশ বসত ঘরের চাল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, নিহত জাকুয়ান (১০) রঙ্গারচর ইউপির হরিনাপাটি গ্রামের সাইফ উদ্দিনের ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়তো সে। নিহতের লাশ উদ্ধারের পর তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, লাশ বিকৃত হয়েছে, তাই স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছাত্র জাকুয়ান মিয়া গত বুধবার থেকে নিখোঁজ ছিল। দুইদিন ধরে তাকে বাড়ির সবাই খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে। পরে শুক্রবার সন্ধ্যায় নিহতের বাবা নিজের বসত ঘরের পেছনের চালায় ছেলের লাশ দেখতে পায় বলে স্থানীয়দের জানান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।দুইদিন নিখোঁজ থাকার পর নিজের বসত ঘরের চালায় জাকুয়ানের লাশ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। জাকুয়ানের বাবা সাইফ উদ্দিনের দাবি কে বা কারা তার ছেলেকে খুন করেছে তিনি জানেন না।
সুনামগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে নিখোঁজ স্কুল ছাত্র জাকুয়ানের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি খুবই রহস্যজনক। লাশ বিকৃত হয়ে গেছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।















