শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ আটক ৭

653

ঢাকা সংবাদদাতা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব সোনা রাখার অভিযোগে সাতজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুক্রবার সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট থেকে সোনার বারসহ এসব ব্যক্তিকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার মোট ওজন এক কেজি ৩৩৪ গ্রাম। এসব সোনার দাম ৬৬ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তিদের পকেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা কামাল হোসেন (৩৪), আকতার হোসেন (৪২), কুমিল্লার চৌদ্দগ্রামের আহসান (৩২), কুমিল্লা শহরের রুহুল আমিন (৪৮), নরসিংদীর শিবপুরের সাইফুল ইসলাম (৩৫), মুন্সীগঞ্জের সিরাজদিখানের আবুল (৩৯) এবং শরীয়তপুরের ডামুড্যার মিন্টু (৪৮)।

এ যাত্রীরা বিকেলে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

এদিকে অন্য একটি ফ্লাইটের উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ চার হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৫২০টি কার্টনে এসব সিগারেট ছিল।

ওই ফ্লাইটটি দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালান।

আটক সিগারেটের শুল্ককরসহ দাম প্রায় ৪১ লাখ ৬০ হাজার টাকা।

আটক করা সোনা ও সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।