আগামী নির্বাচন অবাধ কীভাবে হবে জানতে চাইলো যুক্তরাষ্ট্র

132

ঢাকা সংবাদদাতা: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের প্রতি মার্কিন প্রশাসন এবং দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রায় অভিন্ন জিজ্ঞাসা ছিল। জবাবে সরকারদলীয় সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রকে বলেছেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছুই করছে সরকার। তাছাড়া নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু এবং নির্বিঘ্ন হবে এতে কারও কোনো সন্দেহ-সংশয় থাকা উচিত নয়। নির্বাচন নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উদ্বেগ নাকচ করে বলা হয়, এতে ক্ষমতাসীন দল বা জোটের কোনো ধরনের প্রভাব খাটানোর চিন্তা নেই বরং ভোটাররা যে রায় দিবে তা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ মাথা পেতে নেবে।

২০২৪ সালের প্রথমদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে- এমনটা জানিয়ে সংসদীয় কমিটির সদস্যরা বলেন, নির্বাচনকে অবাধ করতে সরকারের প্রচেষ্টার প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলোর আস্থা, সমর্থন ও সহযোগিতা একান্তভাবে আবশ্যক। কারণ ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিতে গণতান্ত্রিক মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকা উচিত। ওয়াশিংটনের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, ৪ সদস্যের সংসদীয় দলটি ৪ দিন ওয়াশিংটনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তারা স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেসম্যান, প্রভাবশালী সিনেটর এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। সবখানেই মুখ্য আলোচ্য ছিল বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ মিশন প্রচারিত গত দু’দিনের প্রেস রিলিজেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সংসদীয় কমিটির সরকারদলীয় সংসদ সদস্যদের জবাবের অনেক কিছু উল্লেখ করা হয়। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, বাংলাদেশ প্রতিনিধিদল যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই আসন্ন নির্বাচন প্রশ্নে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বিশেষত যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনের চেষ্টা করেছে
ওই নির্বাচনে মার্কিন পর্যবেক্ষকদের আগাম আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হয়। সংসদীয় প্রতিনিধিদলের কথাগুলো গুরুত্বের সঙ্গে নোটে নিয়েছেন মার্কিন আইনপ্রণেতা, বাইডেন প্রশাসন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। সফররত প্রতিনিধিদলের প্রত্যেক সদস্য বিশেষত সভাপতি এবং তরুণ দু’জন সংসদ সদস্যের বক্তব্যের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি। দলের অন্য সদস্যরা হলেন- নুরুল ইসলাম নাহিদ এমপি; নাহিম রাজ্জাক, এমপি এবং কাজী নাবিল আহমেদ এমপি।