লন্ডনে গাফ্ফার চৌধুরীকে শেষ বিদায়ে ভীড়, পুলিশ উপস্থিতি

400

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ জুমআ প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি তার পরিবারের সদস্যরা অংশনেন। জানাজা শেষে মরহুমের ছেলে অনুপম চৌধুরী তার বাবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। জানাযায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু ও সিলেট ২ আসনের সাংসদ মোকাব্বির খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানাযা শেষে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য গাফফার চৌধুরীর মরদেহ রাখা হয় আলতাব আলী পার্কের শহীদ মিনার বেদীতে। এসময় রাস্ট্রীয় শ্রদ্ধা জানান বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এরপর মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ আনুষ্ঠানিক স্যালুট জানায় মুক্তিযুদ্ধের এই শীর্ষ কলম সৈনিককে। এসময় একে একে যুক্তরাজ্য আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাসদ, সিপিবি, উদীচী শিল্পীগোষ্ঠিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রদ্ধা জানান তাদের প্রিয় গাফ্ফার চৌধুরীর কফিনে।

কফিনে মোড়ানো গাফ্ফার চৌধুরীর চেহারা দেখানো না হলেও ভক্ত অনুসারীদের ভীড় সামলাতে কষ্ট হয় স্বেচ্ছাসেবিদের। তাই বাধ্য হয়েই পুলিশ ডাকা হয় আলতাব আলী পার্কে।

শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হীমঘরের উদ্দেশ্যে নিয়ে যান ফিউনারেল সার্ভিসের কর্মীরা। ফিউনারেল সার্ভিসের পরিচালক পারভেজ কোরেশী জানান, মরদেহ বাংলাদেশে প্রেরণের ফ্লাইট সিডিউল এখনও ঠিক হয়নি। আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় চলতি সপ্তাহে মরদেহ পাঠানো সম্ভব হচ্ছেনা। আগামী মঙ্গল বা বুধবার হয়তো জনাব চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়তে পারে।