খেলাধুলা ডেস্ক: রিয়াল মাদ্রিদ ভক্তদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, গত সপ্তাহেই রিয়ালের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে নিজ থেকে বার্নাব্যুতে যাওয়ার কথা বলার পরই নাকি আনুষ্ঠানিক ঘোষণা দেবে ক্লাবটি।
বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির পুরস্কার হিসেবে ১০০ মিলিয়ন ইউরোর সাইনিং বোনাস পাবেন এমবাপ্পে। চুক্তিটা ৫ বছরের। প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন করে সেলারি পাবেন ফরাসি তারকা। তবে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেয়ায় এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পাবে না এক কানাকড়িও।
রোববার ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবলারস’ ইউনিয়নের (ইউএনএফপি) অনুষ্ঠানে এমবাপ্পে জানান, ইতিমধ্যেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘আমরা শিগগিরই জানতে পারবো, সিদ্ধান্তটা প্রায় পাকা। কী করবো ঠিক করে ফেলেছি।’
এরপরই এমবাপ্পে বলেন, ‘সময় এসেছে আরও দায়িত্ব কাঁধে নেয়ার। হয়তো আমি প্যারিসে সুখী হবো। কিন্তু নতুন প্রজেক্টে অন্য কোথাও তো হতে পারি!’
টানা তিনবার ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন এমবাপ্পে
এ অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই বছর আমি আরও সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আমার গল্প লিখে যাবো। আমি কখনোই তুষ্ট নই।’
২০১৭-১৮ মৌসুমে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। চার মৌসুমে ফরাসি জায়ান্টদের হয়ে ২১৬ ম্যাচে ১৬৮ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ৪৫ ম্যাচে ৩৬ গোল এমবাপ্পের।















