আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ অভিযানের আড়াই মাস হতে চললো। এই সংকট শুরু হওয়ার পর থেকেই নিজেদের নিরাপত্তার খাতিরেই অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ চায় কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দাবিতে সোচ্চার হয়েছেন। তার সেই দাবিতে পানি ঢেলে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে কয়েক দশক সময় লাগবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ মে) ফ্রান্সের স্ট্রাসবার্গে ইইউর পার্লামেন্টে এক বক্তৃতায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ একথা বলেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পাশাপাশি ইউক্রেনকে তিনি একটি ‘সমান্তরাল ইউরোপীয় সম্প্রদায়ে’ যোগ দেওয়ার পরামর্শ দেন।
ফরাসি প্রেসিডেন্টের দাবি, এর ফলে ইইউয়ের সদস্য নয় এমন দেশগুলো অন্য উপায়ে ইউরোপের নিরাপত্তা কাঠামোয় যোগদানের অনুমতি পাবে।
ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদান নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন এক সময়ে মন্তব্য করলেন যখন ডনবাস অঞ্চলে কিয়েভ ও মস্কোর সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে যুদ্ধের তীব্রতা বেড়েছে বহুগুণে।
বিবিসি বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া শুরু করে ইউক্রেন। এর মাত্র চারদিন পরই সেখানে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
স্ট্রাসবার্গের ইইউর পার্লামেন্টে বক্তৃতা করার সময় ম্যাক্রোঁ বলেন, ‘আমরা সকলেই ভালোভাবে জানি যে, ইউরোপীয় ইউনিয়নে (ইউক্রেনের) যোগদানের অনুমতি দেওয়ার প্রক্রিয়াটি বাস্তবিকই বেশ কয়েক বছর। সম্ভবত কয়েক দশক পর্যন্ত সময় লাগে। যতক্ষণ না আমরা ইইউতে যোগদানের মান বা শর্ত কমানোর এবং আমাদের ইউরোপের ঐক্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটিই সত্য।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে দ্রুত ইইউয়ের সদস্যপদ দিতে গিয়ে এটি (সদস্যপদ) অর্জনের মানদণ্ড স্থগিত করা উচিত নয়। এর পরিবর্তে একটি ‘সমান্তরাল ইউরোপীয় সম্প্রদায়ে’ যোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।















