আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ইউক্রেনের একটি মিগ-২৯ বিমান রাশিয়ার সঙ্গে আকাশ যুদ্ধে ধ্বংস হয়েছে। খবর বিবিসির।
দোনেস্ক প্রদেশে ইউক্রেনের এ বিমানটি ধ্বংস করা হওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রেস ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাসেনকোভ আরও জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী লুহানেস্কে ইউক্রেনের দুটি টোচকা-ইউ মিসাইল ও দোনেৎস্কে স্মের্চ মিসাইল ধ্বংস করেছে।
মুখপাত্র ইগোর কনাসেনকোভ জানিয়েছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১০টি ড্রোনও ধ্বংস করেছে।
ইগোর কনাসেনকোভ আরও জানিয়েছেন, রোববার রাতে ইউক্রেনের ৩৮টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা।
এই স্থাপনার মধ্যে ছিল অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা গুদাম।
এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশই প্রায় প্রতিদিন প্রতিপক্ষের ব্যাপক ক্ষতি করার দাবি করছে। তবে তাদের এ দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।
সূত্র: বিবিসি















