আমাদের এখানে পরিস্থিতি জটিল: জেলেনস্কি

291

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের খারকিভ ও দোনবাস অঞ্চলের পরিস্থিতি জটিল। তিনি বলেন, ‘আমাদের জীবনের জন্য লড়াই করছে’ ইউক্রেন।

শনিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

নৈশকালীন বক্তব্যে জেলেনস্কি বলেন যে, রাশিয়া ক্রমাগত বিমান হামলা এবং বোমাবর্ষণ করে ‘জীবন ধ্বংস’ করার চেষ্টা করছে।

তিনি বলেছেন, রাশিয়া পূর্বেও দোনবাস অঞ্চলে ‘যে কোনো জীবন’ ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

জেলেনস্কি রাশিয়াকে অবকাঠামো এবং আবাসিক এলাকায় ক্রমাগত হামলার জন্য অভিযুক্ত করেছেন, যা দেখায় যে রাশিয়া এ অঞ্চলটিকে জনবসতিহীন করতে চায়।

তিনি এ সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় কিয়েভে রকেট হামলার বিষয়েও কথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত, রাশিয়া কর্তৃক জাতিসংঘের নৃশংস অবমাননা একটি শক্তিশালী প্রতিক্রিয়া ছাড়াই থেকে গেছে।’ প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কিয়েভ সফরকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

পৃথক এক বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, তিনি পোলিশ মিডিয়াকেও বলেছেন যে, রাশিয়ার ‘মানুষ হত্যার প্লেবুক’ এর কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা ‘উচ্চ’।

তবে তিনি বলেন যে, তিনি এখনও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত। কারণ, রাশিয়ায় ‘একজন মানুষ সবকিছু সিদ্ধান্ত নেয়।’

রুশ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একটি ভবন। ছবি: বিবিসি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।