ঢাকা সংবাদদাতা: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ফেসবুক লাইভ করায় সকালে তাকে আটক করার ১২ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়।
রোববার রাত ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
তিনি বলেন, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সৈয়দা রত্না ও ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। সরকারি কাজে তারা আর বাধা দিবেন না এই অঙ্গীকারে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
রোববার সকালে তেঁতুলতলা মাঠ থেকে তাকে ২০-২৫ জন নারী পুলিশ তাকে ধরে একটি একটি পুলিশের ভ্যানে তোলে নেয়। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এসময় সৈয়দা রত্না ফেসবুকে নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন।
এর আগে গত ৩১ জানুয়ারি মাঠটিতে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ। খেলার মাঠ হিসেবে পরিচিত জায়গাটিতে কলাবাগান থানার ভবন হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছে।
সরেজমিনে দেখা গেছে, মাঠটির চারদিকে কয়েকটি রেইনট্রি ও মেহগনি গাছ, এক পাশে আবর্জনার ভাগাড়। এছাড়াও মাঠের এক কোণায় স্থানীয়দের লাশ গোসল করানোর ঘর রয়েছে। জায়গাটি খোলা হওয়ায় সেখানে স্থানীয় শিশুরা সুযোগ পেলেই খেলায় মেতে ওঠে। বড়রাও নিয়মিত হাঁটেন, আড্ডা দেন। এটিই ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ নামে পরিচিত। তবে প্রস্তাবিত কলাবাগানের থানা ভবন হওয়ায় এটি এভাবে ব্যবহারের সুযোগ থাকছে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, এটি সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত কোনও মাঠ নয়। স্থানীয় লোকজন মাঠের মতো করে ব্যবহার করে আসছেন।
গত বছরের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিসে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিশে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়।
গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে কলাবাগানের বাসিন্দা, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সমাজকর্মী, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মী ও শিশু-কিশোররা এই নোটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।















