আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র দুই হাত ভরে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে।
যুদ্ধের বয়স ৫০ দিন পেরিয়ে গেছে। তবুও অনেক দেশ জানিয়েছে, ইউক্রেনের জয় না আসা পর্যন্ত তারা তাদের সহায়তা চালিয়ে যাবে।
তবে এবার ইউরোপের দেশ গ্রিস ইঙ্গিত দিয়েছে তারা ইউক্রেনকে নতুন করে আর কোনো অস্ত্র সহায়তা দেবে না।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, শুক্রবার গ্রিসের সরকারি মুখপাত্র ইয়োনিস ওইকোনোমো অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে বলেন, এখন পর্যন্ত যা (অস্ত্র সহায়তা) করা হয়েছে এ বিষয়ে নতুন কিছু নেই। এমনকি এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
মুখপাত্র ইয়োনিস ওইকোনোমোকে জিজ্ঞেস করা হয়, তারা গ্রিস সেনাবাহিনীর কাছে থাকা স্টিংগার ম্যান-পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউত্রেনে পাঠিয়েছে কিনা। যার কারণে গ্রিসের সেনাবাহিনীর সক্ষমতা হ্রাস পেয়েছে।
এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এটা জানা আছে যে মানবিক সহায়তার পাশাপাশি ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো হয়েছিল। কিন্তু যাই পাঠানো হয়েছে সেগুলো আমাদের সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করেনি।
এদিকে ১৩ এপ্রিল গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস প্যানাজিওতোপোলাস গ্রিসের আইন প্রণেতাদের জানিয়েছিলেন, ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠিয়ে গ্রিসের নিজস্ব সামরিক শক্তি কমিয়ে ফেলা ঠিক হবে না।
সূত্র: টাস নিউজ (রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা)















