আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটি ছেড়ে পালাতে শুরু করে দেশটির লাখো নাগরিক। শিশু থেকে বৃদ্ধ সবাই পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে।
তবে সেই সঙ্গে অভিযোগ উঠেছে, ইউক্রেনের উচ্চবিত্তরা তাঁদের সম্পদ, বিশেষ করে নগদ অর্থ নিয়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। সেখানে বিলাসী জীবনের মেতে উঠছেন।
সম্প্রতি ইউক্রেনের এক প্রভাবশালী ব্যক্তির স্ত্রী সীমান্ত পার হবার সময় স্যুটকেস ভর্তি টাকাসহ ধরা পরার পর, এনিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
তার নাম অ্যানাস্তাসিয়া কোভিৎস্কা। তিনি ইউক্রেনের ধর্ণাঢ্য ব্যবসায়ী এবং সাবেক সংসদ সদস্যের স্ত্রী। হাঙ্গেরীর সীমান্ত পার হবার সময় তার কাছে পাওয়া যায় বিপুল নগদ ইউরো ও ডলার।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২৫ কোটি টাকা। অ্যানাস্তাসিয়ার স্বামী ইগর কোভিৎস্কি দাবি করেছেন, তাঁর স্ত্রী অন্তঃস্বত্ত্বা। সন্তানের জন্ম দিতেই তিনি দেশ ছাড়ছিলেন।
আর বিপুল নগদ উদ্ধারের কথা অস্বীকার করে তিনি দাবি করেন, তার সব টাকা ইউক্রেনেরই বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রয়েছে। সেখান থেকে কানাকড়িও তিনি তোলেননি।
ইতিমধ্যেই অ্যানাস্তাসিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, হাঙ্গেরিতে পৌঁছে ওই বিপুল নগদের মালিকানার কথা স্বীকার করলেও সীমান্ত পার হবার সময় চেপে গিয়েছিলেন।
মনে করা হচ্ছে, ইগরের মদতেই এই টাকা তিনি দেশের বাইরে নিয়ে যেতে পেরেছেন। কারণ ইউক্রেনের প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম হলেন ইগর কোভিৎস্কি।
দেশটির পরমাণু শক্তি প্রকল্পগুলো এবং ইউরেনিয়ামের ভাণ্ডারের দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। আর স্ত্রী অ্যানাস্তাসিয়াও তাঁর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।















