ঢাকা সংবাদদাতা: বেলাল আহমেদকে বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক পদ থেকে পদাবনতি দিয়ে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দুজনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদেও মনোনীত করা হয়েছে।
সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেলাল আহমেদকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক পদ থেকে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।
মনোনীত এই দুজনই বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকবেন বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে বেলাল আহমেদকে কে পদাবনতি দিয়েছেন এবং নির্বাহী কমিটির নতুন দুজনকে কে নির্বাচিত করেছেন তা বিবৃতিতে বলা হয়নি।
বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। নিয়ম অনুযায়ী কাউন্সিলে কমিটি গঠনের কথা থাকলেও কাউন্সিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের একক ক্ষমতা দিয়েছিল। ওই সময় তিনি সাড়ে চার মাস সময় নিয়ে কমিটি চূড়ান্ত করেছিলেন।















