ঢাকা সংবাদদাতা: বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৭ হাজার ৯৯ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ভালো মানের স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৪৫৮ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
২১ মার্চ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৯৯ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৬০০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ১০২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারিত রয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর মাধ্যমে চলতি মাসে দেশের বাজারে দু-দফা স্বর্ণের দাম কমানো হলো। এর আগে ১৬ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৮ হাজার ১৪৯ টাকা করা হয়।












