ঢাকা সংবাদদাতা: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতাসহ তিনজন নিহত হয়েছেন। রোববার যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে এবং যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে ট্রাকের ধাক্কায় সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫০) গুরুতর আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়ার জন্য স্বজনরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুপুর ১টার দিকে তাদের দুজনের মৃত্যু হয়।
নিহত সাইফুর রহমান যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনজেল মজুমদার ৯ নং ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সহ-সম্পাদক। তাদের বাড়ি ওই বসুন্দিয়া ইউনিয়নের ঘনি গ্রামে।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে তারা একটি মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠেন। এ সময় খুলনার দিক থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে যশোর আসার পথে পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, একই সময় যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রনজিৎ সরকার (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রনজিৎ সরকারের বাড়ি বাঘারপাড়া উপজেলার মাজিয়ালী গ্রামে। বাজরে সবজি বিক্রি করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাটার আমতলা নামক স্থানে পৌঁছালে যশোর থেকে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের একটি বাস রনজিৎকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার হাইওয়ে পুলিশের এসআই জামান জানিয়েছেন, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে। নিহতদের অভিভাবকদের আপত্তি থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ তাদের স্বজনদের কাছে দিয়ে দেন।















