স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হতে চান আনাস সারওয়ার

390

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের কেন্দ্রীয় সরকার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরনের পর স্কটল্যান্ডের সর্বপ্রথম ফার্স্ট মিনিস্টার ছিলেন ডোনালড ক্যাম্পবেল ডিওয়ার। ১৯৯৯ থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্কটিশ লেবার পার্টির লিডার ছিলেন। শয়ে সময় স্কটল্যান্ড শাসন করেছে লেবার পার্টি। কিন্তু দুই দশক পর এখন স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কনজারভেতিভ দলের পরে তৃতীয় স্থানে লেবার পার্টি। কিন্তু স্কটিশ লেবার পার্টির এখন নতুন লোগো এবং নতুন লিডার। দলে এখন নতুন উদ্যম। ৪ মার্চ দলের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার।

দলের লক্ষ্য অর্জনে দলীয় নীতি পরিবর্তন, বিশেষ করে অর্থনৈতিক নীতি পরিবর্তন করতে চান স্কটিশ লেবার লিডার।

গ্যাস, ইলেক্ট্রিসিটি, পেট্রল, ডিজেলের মূল্য এখন ক্রমবর্ধমান প্রবণতায় বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা-বান্ধব নীতি প্রণয়ন করার পক্ষে হলেও আনাস সারওয়ার বলেন, দেশের নাগরিকদের ভোগান্তিতে ফেলে জ্বালানি সরবরাহকারী ব্যবসায়ীক প্রতিষ্ঠাগুলোকে লাগামহীন মুনাফা করতেও দেয়া হবেনা। বেশী মুনাফা করলে ট্যাক্সও বাড়িয়ে দেয়া হবে।

বেশী মুনাফা করলে বেশী ট্যাক্স আরোপের কেন্দ্রীয় লেবার পার্টির এই নীতি এখনও স্কটিশ ন্যাশনাল পার্টি কিংবা কনজারভেটিভ পার্টি গ্রহণ করেনি।

আরও একটি অতি ব্যয়বহুল নীতি গ্রহণ করেছে স্কটিশ লেবার পার্টি। ৬৫ ঊর্ধ্ব বয়সের সবাইকে বিনা মূল্যে আবাসিক কেয়ার সুবিধা দেয়া হবে।

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে লেবার পার্টির নীতি মোটেও জনপ্রিয়তা পায়নি। দলের এবারের বার্ষিক সম্মেলনে এই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

আগামী দুই মাসের মধ্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। এর আগে দলীয় সম্মেলনে দলনেতা নতুন নীতি ঘোষণা করলেন। নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে আনাস সারওয়ারের নেতৃত্বাধীন স্কটিশ লেবার পার্টির নীতির জনপ্রিয়তা।