ওয়ানবাংলানিউজ: নটিংহামে নাদ গ্রিল নামের এই টেইকওয়ে কেবল খাবার বিক্রি ও ডেলিভারি দেয়না। তাঁর চেয়ে অনেক বেশী কিছু করে এই প্রতিষ্ঠান। স্থানীয় দরিদ্র মানুষের নানাভাবে সহায়তা দিয়ে ভরসার স্থল হয়ে উঠেছে নাদ গ্রিল।
১৮বছর আগে এক হোমলেস মহিলাকে বিনা মূল্যে টেইকওয়ের খাবার দিয়ে নিজের মধ্যে যে অনুপ্রেরণা পেয়েছিলেন, সেখান থেকেই রক্সি রাফি ও তাঁর স্বামী নাদিম শাহজাদ দিনে দিনে গড়ে তোলেন নাদ গ্রিল কমিউনিটি গ্রুপ।
এখন সাত হাজারের বেশী স্থানীয় মানুষ এই সেবামূলক উদ্যোগের সাথে নানাভাবে জড়িত। কেউ শ্রম দিয়ে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করে আর কেউ দান করার মাধ্যমে কাজ করছেন। নাদিম এবং তাঁর স্ত্রী রক্সি তাদের দোকান থেকেই সকল কার্যক্রম তত্ত্বাবধান করেন।
গরম খাবার থেকে শুরু করে ফার্নিচারের মতো বড় ডেলিভারি দিতেও কখন না বলেন না নাদিম ও তাঁর সহযোগীরা। কিন্তু জনসেবার এসব কাজ করতে তাঁরা যে ভ্যান ব্যবহার করেন, সেই ভ্যানটি আবারও চুরি হয়ে গেছে। এই নিয়ে গত এক বছরে দ্বিতীয়বারের মতো ভ্যানটি চুরি হলো।
কিন্তু গাড়ি চুরি হয়ে গেলে থেমে নেই তাদের সেবামূলক কাজ। মঙ্গলবার ব্যাক্তিগত গাড়িতেই কিছু মালামাল বহন করে মিস্টার জনের বাসায় নামিয়ে দিয়ে আসেন নাদিম, রক্সি ও তাদের সহকর্মীরা। ৭৮ বছর বয়সে হোমলেস হয়ে পড়া জনকে সাহায্য করবে, এমন বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্য নেই। তাঁর ঘরে সকল আসবাবপত্রই মানুষের দান। আর তা সরবরাহ করে দিয়েছে নাদ গ্রিল।
যে চ্যারিটি এতো মানুষকে সহায়তা দিয়ে আসছে, এখন সেই চ্যারিটিরই সাহায্যের প্রয়োজন। আরেকটি ভ্যান কিনতে তাঁরা মানুষের সহায়তা কামনা করছে।















