বিনোদন ডেস্ক: রাশিয়ান আক্রমণের মুখে বিধ্বস্ত অবস্থা ইউক্রেনের। চারিদিকে এখন শুধুমাত্র ধ্বংসের ছবি। রাশিয়ান আক্রমণকে প্রতিহত করতে এখন প্রাণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেন। সেনার পাশাপাশি সাধারণ নাগরিকদের হাতে বন্দুক তুলে দিয়েছেন দেশটির সরকার। শুধুমাত্র সাধারণ মানুষই দেশের মহিলা সাংসদ থেকে শুরু করে ছাত্র, কেউ কালাশনিকভ বা কেউ মলোটভ ককটেল দিয়ে রুশ আগ্রাসন প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। হাই হিল, রেড কার্পেট ছেড়ে হাতে কালাশনিকভের মত মারাত্মক অস্ত্রতুলে নিয়েছেন মিস ইউক্রেন আনাসতাসিয়া লেনা।
সম্প্রতি রুশ আক্রমণের পরই নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছেন আনাসতাসিয়া। তিনি ইউক্রেনিয় সেনাতে যোগদানের আগে দ্বিতীয়বার ভাবেননি।
মাতৃভূমির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে নিজে অস্ত্র তুলে নিয়েছেন। সেই সঙ্গে নেটমাধ্যমকে হাতিয়ার করে দেশবাসীকেও উদ্বুদ্ধ করছেন আনাসতাসিয়া।
বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের পর পুতিনবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেটমাধ্যমে আহ্বান জানিয়েছেন তিনি। ভক্তদের কাছে তার আবেদন, ‘রাশিয়ার বিরুদ্ধে সরব হোন।’
রাশিয়ার সেনাবাহিনীকে হুঁশিয়ারিও দিয়েছেন আনাসতাসিয়া। শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তার স্পষ্ট হুমকি ‘হানাদারির জন্য যারা ইউক্রেনের সীমান্ত পার করেছেন, সকলেই মারা পড়বেন!’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জোলেনস্কির সমর্থনেও মুখ খুলেছেন এই প্রাক্তন মডেল তথা অভিনেতা। ইউক্রেনের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন জেলেনস্কি— এমন একটি ছবিও দেখা গিয়েছে আনাসতাসিয়ার পোস্টে। জেলেনস্কিকে আদর্শ নেতা বলেই মনে করেন আনাসতাসিয়া।
কিভের মেয়র ভিতালি ক্লিটস্চকোর আহ্বানে ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগদান করেছেন ২৪ বছরের আনাসতাসিয়া। সংবাদমাধ্যমের কাছে কিভের মেয়র বলেছেন, ‘দেশের বহু নাগরিকই মাতৃভূমির জন্য লড়াই করছেন। আমাদের কাছে অস্ত্র চাইছেন তারা। তাদের মধ্যে অনেকেরই সেনায় কাজের অভিজ্ঞতা রয়েছে। সে কারণেই রাশিয়ার বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছি আমরা।’
ইউক্রেনের সেনাবাহিনীতে আনাসতাসিয়ার মতো মহিলার সংখ্যা নেহাত কম নয়। বস্তুত, বিশ্বের মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীতেই মহিলা সেনানির সংখ্যা সবচেয়ে বেশি— ৩৬ হাজার। জেলেনস্কির সেনাবাহিনীর এই মহিলা সেনানিরা যুদ্ধের ময়দানে শত্রুকে খতম করার কাজে অত্যন্ত দক্ষ।
আনাসতাসিয়ার মতো আরও নাগরিক যাতে দেশের এই সঙ্কটে অস্ত্র তুলে নেন, তার আহ্বান জানিয়েছেন কিভের মেয়র। তিনি বলেছেন, ‘‘ইউক্রেনের প্রতিটি নারী বা পুরুষ, যাঁরা নিজের দেশের প্রতি গর্ববোধ করেন, তাঁরা অস্ত্র তুলে নিতে পারেন।’
অস্ত্র হাতে তোলার অবশ্য কথা ছিল না আনাসতাসিয়ার। মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ের হাতেখড়ি। অভিনয়ের পাশাপাশি টেলিভিশনে সঞ্চালনা বা মডেলিংও করেছেন।
অভিনয় এবং মডেলিংয়ের কাজের পাশাপাশি ২০১৫ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা কেড়ে নেন আনাসতাসিয়া। সে বছর ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ নামে ওই প্রতিযোগিতায় ‘মিস ইউক্রেন’-এর খেতাবজয়।
পেশাদারি জীবন শুরুর আগে কিভের স্লাভিসটিক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক হন আনাসতাসিয়া। এর পর জনসংযোগ ম্যানেজার চাকরি নিয়ে তুরস্কের ইস্তানবুল, আঙ্কারা এবং বোদরামে ঘুরেছেন।
মার্কেটিং ক্ষেত্রে পা রাখা ছাড়াও অন্য ভূমিকাতে দেখা গিয়েছে এই মডেলকে। পাঁচটি ভাষায় দক্ষ আনাসতাসিয়া কিছুকাল অনুবাদকের চাকরিও করেছেন। তবে সে সব অতীত। রোজগারপাতি ছেড়ে দেশ বাঁচানোকেই অগ্রাধিকার দিচ্ছেন আনাসতাসিয়া।













