ঢাকা সংবাদদাতা: ঢাকার নবাবগঞ্জে নিজের শিশুসন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
উপজেলার বারুয়াখালী ইউনিয়নের রতনপুরে গত বুধবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নারীর নাম জুলি আক্তার (২০)। ১৫ দিন আগে শিশুসন্তান মো. জুয়ায়েদকে জন্ম দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, দেড় বছর আগে বরিশালের বাকেরগঞ্জের জুবায়ের হোসেন রনির সঙ্গে পরিচয় হয় জুলির। এরপর প্রেমের সম্পর্ক হলে পরিবারকে না জানিয়ে দুজনে বিয়ে করেন।
১৫ দিন আগে জুলি একটি ছেলেসন্তানের জন্ম দেন। পারিবারিক ও অর্থনৈতিক নানা সংকটের কারণে তিনি সন্তানকে হত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
জুলির মা শিরিন (৪৫) বলেন, তার মেয়ের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। এ কারণে স্বামীর সঙ্গে রাজধানীর মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত জুলি। সন্তান হওয়ার পর বাবার বাড়ি বারুয়াখালী ইউনিয়নের রতনপুরে আসে।
এ বিষয়ে ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ইছামতি নদী থেকে বৃহস্পতিবার শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। জুলিকে গ্রেফতার করা হয়েছে।















