স্পোর্টস ডেস্ক :: অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উইল পুকোভস্কি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে তার টেস্টে অভিষেক হয়েছিল। শনিবার প্রায় এক বছর পর শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন তিনি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর শনিবার শেষদিনে ফিল্ডিং করতে নামার আগে ওয়ার্ম-আপ করার সময় ভলিবল পড়ে তার মাথায়। আঘাত পান তিনি। এরপর মাঠেও নামেন। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি। কনকাসন উপসর্গ নিয়ে তিনি মাঠ ছাড়েন। ‘কনকাসন সাব’ হিসেবে তার পরিবর্তে মাঠে নামানো হয় অন্য খেলোয়াড়কে।
এই ম্যাচে মাথায় আঘাত পাওয়ার পর আলোচনায় উঠে এসেছেন পুকোভস্কি। আসবেন না কেন? তিনি যে এ নিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারে ১১তম বারের মতো কনকাসনের শিকার হলেন! একজন ২৪ বছর বয়সী ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার আগে ও পরে ১১বার মাথায় আঘাত পেয়েছেন বিষয়টা ভাবনার।
ক্রিকেট বিশেষজ্ঞরা শঙ্কা করছেন এই সমস্যার কারণে তার ক্যারিয়ার খুব বেশি নাও আগাতে পারে।
পুকোভস্কির আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়ার আগেই ৯ বার মাথায় আঘাত পেয়েছিলেন। আর প্রথমবার আঘাত পেয়েছিলেন কিশোর বয়সে। সেই শুরু, এ পর্যন্ত ১১বার কনকাসনের শিকার হয়েছেন তিনি। সেগুলোর কোনোটা ফুটবল খেলার সময়, বাউন্সারে, ফিল্ডিংয়ের সময় এমনকি নিজের বাড়ির দরজার সঙ্কেও মাথায় ধাক্কা খেয়েছেন তিনি।
পুকোভস্কি অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট খেলে ৭২ রান করেছেন। সর্বোচ্চ সংগ্রহ ৬২।
২৫টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি রান করেছেন ১ হাজার ৮৭০টি। তার মধ্যে সেঞ্চুরি ৬টি, হাফ সেঞ্চুরি ৭টি। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৫৫।
১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি রান করেছেন ২৬৪টি। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ১৩৭ রান।
ওয়ানবাংলানিউজ / ১৫ ফেব্রুয়ারি ২০২২ / আল-আমিন















