ওয়ানবাংলানিউজ: জীবনধারণের ব্যয় বৃদ্ধির প্রতিবাদ শুরু হয়েছে ব্রিটেনের সর্বত্র। খাদ্য পণ্য এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের প্রায় ২৬টি স্থানে শনিবার একযোগে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এটি ম্যানচেস্টার নগরীর প্রতিবাদ মিছিল ও সমাবেশের দৃশ্য। এপ্রিল মাস থেকে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদে মুখর ছিল প্রায় এক হাজার মানুষ।
আগামী দিনগুলো কীভাবে কাটবে, তা নিয়ে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ সাধারণ মানুষ।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়েছিল শত শত লোক।
স্কটিশ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত হয় গ্লাসগোর সমাবেশ। ট্রেড ইউনিয়ন নেত্রী রজ ফয়ার বলেন, স্কটল্যান্ডের মাত্র ৩০ শতাংশ মানুষ বছরে ২৫ হাজার পাউন্ডের বেশী উপার্জন করে। আর অর্ধেকের মতো কর্মজীবী মানুষ বছরে ১৫ হাজার পাউন্ডেরও কম উপার্জন করে।
এদিকে নটিংহ্যামে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যোগ দেয় ডার্বি সহ আশেপাশের শহরের শত শত মানুষ। এসময় তাঁরা বলেন, ঝুঁকিতে থাকা মানুষকে সহায়তা দিতে সরকারের আরও পদক্ষেপ নিতে হবে।
জ্বালানির মূল্য বৃদ্ধি সম্পর্কে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, গৃহস্থালির বাজেটের ওপর চাপ সৃষ্টি হওয়া নিয়ে জনগণের উদ্বেগ সরকার উপলব্ধি করতে পারে। এজন্য একটি সহায়তা প্যাকেজ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৫০পাউন্ডের অফেরতযোগ্য এককালীন কাউন্সিল ট্যাক্স রিবেইট। এরপর অক্টোবর মাসে জ্বালানির বিল ২শ পাউন্ড কমান হবে।















