সিলেট সংবাদদাতা: পুলিশের আশ্বাসে সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ বুধবার দুপুরে ধর্মঘট স্থগিত করার পর দুরপাল্লা ও আন্ত:জেলা রুটে যান চলাচল শুরু হয়। এর আগে ধর্মঘটে অচল হয়ে পড়েছিল সিলেট। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের যানবাহন চলাচল না করায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পাশাপাশি প্রাইভেট যান চলাচল বন্ধ রাখতে সকাল থেকে নগরীর এলাকায় পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে পিকেটিংও করে। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন- হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের মহানগর পুলিশ কমিশনার আশ্বাস প্রদান করলে তারা ধর্মঘট স্থগিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন














