ওয়ানবাংলানিউজ: রাশিয়া থেকে লন্ডনে বিলিয়ন বিলিয়ন পাউন্ড পাচার হয়ে আসা বন্ধ করতে অনেক দিন ধরেই দুর্নীতিবিরোধী প্রচারণা চলছে। এখন এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। পাচার হয়ে আসা এই নগদ অর্থ প্রপার্টি কেনা এবং বিনিয়োগে কাজে লাগানো হয়। এই ধারা অব্যাহত থাকার মাধ্যমে গুটিকয়েক লোক ধনী হলেও এর প্রভাব অনুভব করছে প্রায় সবাই।
রাশিয়ার সাবেক ব্যাঙ্ক কর্মকর্তা ভ্লাদিমির ২০১৪ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনের এই ক্যাম্পেইনারকে রাশিয়া সরকার খুঁজছে। তিনি জানালেন, ধনী রাশিয়ানদের জন্য লন্ডন একটা জনপ্রিয় স্থান।

১৯৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর থেকে রাশিয়া থেকে বিলিয়ন বিলিয়ন পাউন্ড অর্থ লন্ডনে পাচার হয়ে এসেছে। ২০২০ সালে ব্রিটিশ পার্লামেন্টের ইনটালিজেন্স এন্ড সিকিউরিটি কমিটি বলেছে, ব্রিটেন রাশিয়ার এই অর্থ স্বাগত জানিয়ে নিয়ে এসেছে। এই অর্থের উৎস সম্পর্কে তেমন কোন প্রশ্নই করেনি ব্রিটেন। এর প্রভাব লন্ডনের সকল বাসিন্দার ওপর পড়ছে বলে মনে করেন অনেকে। নিরাপত্তা বিশ্লেষক এডওয়ার্ড লুকাস বলেন, এই অর্থের কারণে লন্ডনে বাড়ি-ঘরের দাম আকাশচুম্বী হয়েছে। তিনি বলেন, অনেক বাড়ির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়না। খোঁজ নিলে জানা যায়, কাগুজে কোম্পানিগুলো এসব প্রপার্টির মালিক।
ফরেন এফেআরস সিলেক্ট কমিটি বলছে, এসব সম্পত্তি আরও একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন।
লন্ডনে রাশিয়ার অর্থের প্রভাব নিরূপণ করা অত্যন্ত কঠিন ও জটিল একটি কাজ। ফরেন এফেআরস সিলেক্ট কমিটি আগামী কয়েক সপ্তাহজুড়ে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে।















