আন্তর্জাতিক ডেস্ক :: বসোনিয়ার রাজধানী সারায়েভোর মারকেল বাজার গণহত্যার ২৮তম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সারায়েভোতে ৫ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত স্মরণসভায় বসনিয়া হার্জেগোভিনা সরকারের প্রতিনিধি ও নিহতদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। খবর আনাদোলুর।
বসনিয়ার রাজধানী সারায়েভোর ব্যস্ততম মারকেল বাজারে দুবার গণহত্যা চালিয়েছিল সার্বিয়ান সেনাবাহিনী। ১৯৯৪ সালের ৫ ফেব্রুয়ারি সার্বিয়ান সেনাদের হাতে ৬৮ বেসামরিক নিরপরাধ ব্যক্তি নিহত হন এবং ১৪৪ জন আহত হন।
১৯৯৫ সালের ২৮ আগস্ট সার্বিয়ান সেনা সদস্যরা দ্বিতীয়বার গণহত্যা চালায়। এ সময় ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৭৫ জন আহত হন।
১৯৯২ সালে বসোনিয়া যুদ্ধকালে সারায়েভো নগরী প্রায় চার বছর (৪৪ মাস) যাবত অবরুদ্ধ ছিল। এ সময় ১১ হাজার ৫৪১ জন নিহত হন। এদের মধ্যে ১ হাজার ৬০১ শিশু ছিল।
স্মরণসভায় ক্রোয়েশিয়ার প্রতিনিধি জেলিকো কমিক বলেন, মারকেল বাজারে নিহতদের সবাই নিরপরাধ ছিলেন। ভয়াবহ এ হত্যাযজ্ঞ সবার কাছে আজও দুঃখজনক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। সারায়েভোবাসী এ হত্যাকাণ্ডের ঘটনা কখনও ভুলতে পারবে না।
গণহত্যা থেকে রক্ষা পাওয়া এক ব্যাক্তি সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ওই দিন আমি সন্তানদের জন্য কিছু কিনতে সবেমাত্র বাজারে এসেছি।
হঠাৎ মর্টার শেল থেকে নিক্ষিপ্ত গুলি সামনে এসে পড়ে। পাঁচ ঘণ্টা পর জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই। অনেক মানুষের চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসতে থাকে।
ওয়ান বাংলা নিউজ / ৬ ফেব্রুয়ারি ২০২২ / সুমন আহমদ















