ঢাকা সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ি বাজার এলাকায় আকবার আলী সরকার (৪০) নামের এক যুবদল নেতাকে দলীয় মিটিং চলাকালে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আকবার আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবর রহমান সরকারের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, যুবদল নেতা আকবার আলী রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ি বাজারে ছোট একটি মিটিয়ে ছিলেন। এসময় দুর্বত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেচ্ছ মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু জানান, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবার আলী সরকার সন্ধ্যার পরে বাড়ির পাশের রান্ধুনিবাড়ি বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে তাকে গুলি করে হত্যা করেছে। এঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।















