আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। ভারী তুষারপাতে এসব অঞ্চলের জনজীবন এখন বিপন্ন হওয়ার পথে। ৮ কোটিরও বেশি মানুষ এখন আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছেন। এছাড়া প্রায় দেড় লাখ মানুষ রয়েছেন সম্পূর্ন বিদ্যুৎহীন অবস্থায়। সবথেকে গুরুতর অবস্থা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর। সেখানে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, ভার্জিনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনায় জরুরী অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এক ফুটেরও বেশি তুষার জমেছে।
এর ফলে যোগাযোগ, বিদ্যুৎ সংকট ও গাছ ভেঙ্গে পরার ঘটনা ঘটছে। এরই মধ্যে শত শত সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে।
এই ঝড়ে কানাডার সবথেকে ঝুঁকিতে থাকা প্রদেশ হচ্ছে ওন্টারিও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সঙ্গে সীমান্ত রয়েছে এই প্রদেশটির। সেখানে কর্মকর্তারা ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। কানাডার রাজধানী টরোন্টো দেশটির সবথেকে বড় শহর। এটি ২০ সেন্টিমিটার তুষারের নিচে ঢেকে যাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।















