নাটকীয় ম্যাচে বার্সাকে হারিয়ে সুপারকাপের ফাইনালে রিয়াল

478

খেলাধুলা ডেস্ক: নির্ধারিত সময়ের শেষে মিনিটে লুকা মড্রিচকে তুলে নিয়ে উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে মাঠে নামিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তাতেই বাজিমাত। সেই ভালভার্দের গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর জয় নিয়ে স্প্যানিশ সুপারকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে সৌদি আরবের রিয়াদে উত্তেজনাপূর্ণ খেলায় রিয়াল ৩-২ ব্যবধানে জয় পায়। খেলার ২৫ মিনিটের মাথায় লিড পায় লস ব্লাঙ্কোসরা। করিম বেনজেমার অ্যাসিস্টে বল পেয়ে পোস্টের বাঁ প্রান্ত থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

তবে বিরতির আগে ৪১ মিনিটে ডান পায়ের কিকে বার্সাকে সমতায় ফেরান ডাচ স্ট্রাইকার লুক ডি জং। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে প্রথম গোলে ভূমিকা রাখা ফ্রেঞ্চ ফুটবলার বেনজেমা নিজেই বল জালে পাঠালে আবারো এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এর পরপরই জমজমাট লড়াইটা আরও জমিয়ে তোলেন বার্সার ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আনসু ফাতি। ৮৩ মিনিটে রদ্রিগোর দ্রুত বাড়ানো বলে ডান পায়ে নিশানাভেদ করে খেলা অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যান তিনি।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে আকস্মিক পাল্টা আক্রমণে বার্সেলোনাকে হতভম্ব করে ডি বক্সে থাকা ফেদেরিকো ভালভার্দে ডান পায়ের দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন।