ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে হেফাজতের নাশতকায় দায়ের করা দুই মামলায় গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকার নিজ বাসা থেকে রবিকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে আদালতে হাজির করা হলে আদালত দুটি মামলায় রবিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত বছর হেফাজত ইসলামের নেতাকর্মীদের নাশকতায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় মনিরুল ইসলাম রবি এজাহার নামীয় আসামী। মামলা দুটিতে পুলিশ রবিকে আদালতে পাঠালেও রিমান্ড আবেদন করেনি। তবে তদন্তাধীন মামলা দুটিতে প্রয়োজন হলে তদন্তকারী অফিসার পরে রিমান্ড চাইতে পারবেন।
এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন,জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানায় নির্বাচনী প্রচার কমিটির প্রধান সমন্বয়ক। নির্বাচনী এজেন্ট নির্ধারণ এবং নির্বাচনী প্রচার সংক্রান্ত সব দায়িত্ব তার ওপর অর্পিত ছিল। নির্বাচনে আমাকে বাধাগ্রস্ত করতেই বরিকে গ্রেফতার করা হয়েছে।
তৈমুর অভিযোগ করে বলেন, সরকারি দলের বড় বড় নেতাদের নারায়ণগঞ্জে এনে নানা উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তৃতা দেওয়ানো হচ্ছে। একজন সম্মানিত মেহমান বলেছেন যে, ‘তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না’। এসব করে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। নির্বাচন যাই হউক। পরে জনগণের সামনে তুলে ধরবো কেন বিএনপি নির্বাচনে অংশ নেয় না।















