খেলাধুলা ডেস্ক: হায়দরাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ফলে সিরিজটি শেষ হলো ১-১ ব্যবধানে।
শুক্রবার রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের এ ম্যাচে টস করারও সুযোগ পায়নি দুই দলপতি। গেলো দুই সপ্তাহজুড়ে অতিরিক্ত বৃষ্টির কারণে স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা ছিল। মাঠের কর্মীরা অনেক চেষ্টা করেও কোনোভাবেই বল মাঠে গড়ানোর সুযোগ তৈরি করতে পারেনি।
মাঠকর্মীর বরাতে ইএসপিএন জানায়, আমারা হতাশ। গেলো ২১ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়।
গেলো সাত অক্টোবর তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে নয় উইকেটে জয় পায় ভারত। রাঁচির ঝাড়খণ্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের ওই ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতে নেয় স্বাগতিকরা।
১০ অক্টোবর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চিত্র ছিল ভিন্ন। অস্ট্রেলিয়ার বোলিং তাণ্ডবে ১১৮ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল। আট উইকেট হাতে রেখেই ম্যাচটি নিজেদের করে সিরিজে সমতা ফেরে ডেভিড ওয়ার্নারের দল।
এর আগে গেলো মাসের মাঝামাঝিতে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ এ হারের লজ্জা পেতে হয় সফরকারীদের।















