ঢাকা সংবাদদাতা: বাড়ি থেকে ডেকে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া মেহেদী নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যার পর ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় জনগণ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে বাঁচানো সম্ভব হয়নি। মেহেদী মিরাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল ভারি হয়ে উঠে। বুধবার সন্ধ্যায় জেলার বিসিক শিল্প নগরী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্বজনরা জানান, মেহেদী বাসায় পারিবারের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ বন্ধু পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ঘন্টা খানিক পর স্থানীয় লোকজন খবর দেয় মেহেদী রাস্তার ধারে পড়ে আছে।
স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরমান নামে আরো একজন চুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। নিহতের স্বজনরা জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অবিলম্বে হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আরও অনেক মায়ের কোল খালি হবে।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত মেহেদী জেলা সদরের পরিষদপাড়া গ্রামে নানার বাসায় থেকে লেখাপড়া করতো বলে তার স্বজনরা জানান।















