ব্রিটিশ রাজপুত্রের সাক্ষাত পেলেন আফগান শরণার্থীরা

166

ওয়ানবাংলানিউজ: তালেবান শাসনভার গ্রহণের পর আফগানিস্তান থেকে সম্প্রতি ব্রিটেনে আসা শরণার্থীরা দেশের বিভিন্ন স্থানে বসবাস করছে। লিডসেও এসেছেন অনেক আফগান নাগরিক। তাঁদের একটা অংশ বসবাস করছেন স্থানীয় একটি হোটেলে। তাঁদের সাথে দেখা করতে মঙ্গলবার আচমকা হোটেলে গিয়ে হাজির হন প্রিন্স উইলিয়াম।
এই হোটেলে কয়েক মাস ধরে বসবাস করছেন অনেক আফগান শরণার্থী পরিবার।

১০ বছর বয়সের দানিয়েল আফগানিস্তানে ফেলে এসেছে তার প্রিয় বিদ্যালয় এবং খেলার সাথিদের। প্রিন্স উইলিয়ামকে সে তার এই অভিজ্ঞতার কথা জানিয়েছে।

হুসেইন, দানিয়েল সহ পরিবারের অন্যরা গত অগাস্ট মাসে ব্রিটেনে আসেন। এখন তাঁরা লিডসের একটি বাড়িতে বসবাস করছেন। হুসেইন কাজ খুঁজছেন এবং পরিবারকে নিয়ে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন।

হারুন এবং তার পরিবার ও সন্তানরা ব্রিটেনে আসেন সেপ্টেম্বর মাসে। আফগানিস্তানে ফায়ার ফাইটার হিসেবে কাজ করতেন হারুন। লিডসেও একই রকম কাজ পাবেন বলে আশা করছেন তিনি। তবে এই মুহূর্তে পরিবারকে নিয়ে নতুন দেশে নতুন পরিবেশে থিতু হওয়ার চেষ্টা করছেন হারুন।

গত কয়েক মাসের ভয় আর আতংক কাটিয়ে ব্রিটেনে আসার পর রাজপরিবারের একজন সদস্যের সাক্ষাত পেয়ে মনোবল ও আত্মবিশ্বাস অনেক চাঙ্গা হয়েছে আফগান শরণার্থীদের। নতুন একটি দেশে নতুন জীবন গঠনের শুরুতে এমন একটি রাজকীয় অভ্যর্থনা হয়তো একটি সুন্দর সূচনা হিসেবে থেকে যাবে আফগান শরণার্থীদের জীবনে।