ইংল্যান্ডে ফেইস মাস্ক, পিসিআর টেস্ট বাধ্যতামূলক, বাংলাদেশ থেকে এলেও

1359

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের নতুন জাতের নাম অমিক্রন। এ পর্যন্ত আবিষ্কৃত করোনাভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে বেশী সংখ্যকবার পরিবর্তন হয়ে সৃষ্টি হয়েছে এই ভেরিইয়েনট। গত বুধবার এই ভাইরাসটি সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হওয়ার খবর পাওয়া যায়। দুই দিন না যেতেই যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শনিবার ডাউনিং স্ট্রীটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন, ভাইরাসটি সম্পর্কে এখনও অনেক কিছু জানা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা প্রতি ঘণ্টায় খবর রাখছেন এবং অমিক্রন সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করছেন।

যুক্তরাজ্যে যে দুই ব্যক্তির দেহে অমিক্রন ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে তাঁদের একজন নটিংহ্যাম এবং একজন এসেক্সের ব্রেনটউড এলাকার বাসিন্দা। দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সূত্রে একই ক্লাস্টার থেকে এই দুই ব্যাক্তি আক্রান্ত হয়েছেন।

আগামী সপ্তাহ থেকে নতুন কিছু স্বাস্থ্যবিধি কার্যকর হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন ভাইরাসের সন্ধান পাওয়ার পরও আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ করা হবে না। তবে বিদেশ থেকে ব্রিটেনে এলে প্রত্যেক ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করাতে হবে এবং নেগেটিভ রেজাল্ট না পাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। ভ্যাকসিনের পূর্ণ ডোজ থাকলেও এই আইসলেশন বাধ্যতামূলক হবে। এদিকে আফ্রিকার ছয়টি দেশের সাথে আরও চারটি দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে ব্রিটেন।

ইংল্যান্ডের ফেইসকাভারিং সম্পর্কিত স্বাস্থ্যবিধি কঠোর করা হবে। দোকানে এবং গনপরিবহনে আবারও ফেইসমাস্ক পরিধান বাধ্যতামূলক হবে। স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে অবশ্য এখনও অনেক ক্ষেত্রে মুখ ঢেকে রাখার নিয়ম কার্যকর আছে। সেলফ আইসলেশন নিয়েও গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আনা হয়েছে। অমিকরণ ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সান্নিধ্যে আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের আইসলেশনে যেতে হবে।

পরিবর্তিত পরিস্থিতিতে আরও বেশী সংখ্যায় পূর্ণ বয়স্ক মানুষকে বুসটার জ্যাবের আওতায় আনা হতে পারে; শিশুদেরও টিকার আওতায় আনার বাস্তবতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন সরকারের উপদেষ্টারা। তবে নতুন অমিক্রন ভাইরাসটি কতো দ্রুত ছড়িয়ে পড়তে পারে, সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও অন্ধকারে।

করোনাভাইরাসের নতুনভাবে সংক্রমণের মুখে ইউরোপের অনেক দেশ নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। ব্রিটিশ সরকার বলে আসছে, নতুন করে লকডাউন ঘোষণার কোন পরিকল্পনা নেই। তবে এমন সম্ভাবনাকে একেবারে নাকচ করা হয়নি।

প্রধানমন্ত্রী বলেছেন, এবারের ক্রিসমাস উৎসব গত বছরের চেয়ে ভালভাবে উদযাপিত হবে। কিন্তু করোনার নতুন সংক্রমণ এবং অমিক্রন নামের নতুন জাতের ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।