ঢাকা সংবাদদাতা: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে এসেছেন। সফরে তার সঙ্গে দেশটির দু’জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক হবে। যার মধ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত ইস্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদেরও বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে স্বাস্থ্যসেবা তথা বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হবে। এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মনিও বৈঠক করবেন।
সেখানে উচ্চশিক্ষা তথা এমবিবিএস, প্রাইমারি ও কারিগরি শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। সোলিহের ঢাকা সফরের প্রায় আট মাসের মাথায় এলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে মালদ্বীপের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশ থেকে নতুন করে জনবল নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধতা প্রদান ও ফেরানোর প্রক্রিয়া যুক্ত ছিল। বেসরকারি হিসেব বলছে, মালদ্বীপে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে ৮০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে।















