আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সঙ্গে খারাপ আচরণের কথা অস্বীকার করেছে সামরিক জান্তা। সেনা মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেছেন, অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ৭৬ বছর বয়সী অং সান সুচির সঙ্গে ভাল ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কারাবন্দি ‘ফ্রন্টিয়ার মিয়ানমারে’র সাংবাদিক ড্যানি ফেনস্টারকে মুক্তি দেয়ার পর বিবিসির সঙ্গে সাক্ষাতকারে এসব তথ্য তুলে ধরেন মেজর জেনারেল জাও মিন তুন। এর আগে সাংবাদিক ড্যানি ফেনস্টারকে বিভিন্ন অভিযোগে ১১ বছরের জেল দেয়া হয়েছিল। তিনি একাই নন, অভ্যুত্থানের পরে মিয়ানমারে কয়েক ডজন সাংবাদিক ও হাজার হাজার মানুষকে আটক রাখা হয়েছে।
সাক্ষাতকারে মেজর জেনারেল জাও মিন তুন বলেছেন, আটক অবস্থায় বেশ ভাল অবস্থায় রাখা হয়েছে সুচিকে। তার ভাষায়, আমি বলতে চাইছি তিনি গৃহবন্দি থাকলেও নিজস্ব লোকজনসহ তাকে সেখানে অবস্থানের সুযোগ দিয়েছি আমরা। তার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করছি। তিনি যা চান বা যা খেতে চান- তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
উল্লেখ্য, বৃটিশ ঔপনিবেশিক সিক্রেট আইনের অধীনে মিস অং সান সুচির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বলা হয়েছে, তিনি এই আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আছে দুর্নীতি এবং বেআইনিভাবে ওয়াকিটকি রাখার অভিযোগ । সুচিকে আদালতে হাজির করা হয়েছে এর আগে। কিন্তু এখন পর্যন্ত সংক্ষিপ্ত এই উপস্থিতিতে তাকে খুব সামান্যই দেখা গেছে এবং তার পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি- এমনটা বলা যায়। অং সান সুচির মুক্তি দাবি করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
মেজর জেনারেল জাও মিন তুন বলেন, যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে মুক্তি দেয়ার ইচ্ছা ছিল কর্তৃপক্ষের। তাকে সোমবার মুক্তি দেয়া হয়েছে। এর মাত্র কয়েকদিন আগে অভিবাসন বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ১১ বছরের জেল দেয়া হয়েছি। অভিযোগ ছিল তিনি অন্যায়ভাবে সমাবেশ করেছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উৎসাহিত করেছেন। রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসের আরো অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু এ সময়ে সাংবাদিক ড্যানি ফেনস্টারকে কোন চাপের ভিত্তিতে অথবা কোনো বিনিময়ের প্রতিশ্রুতিতে মুক্তি দেয়া হয়েছে কিনা- তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তবে কোনো কিছুর বিনিময়ে তাকে মুক্তি দেয়ার কথা অস্বীকার করেছেন মেজর জেনারেল জাও মিন তুন। গত মাসে মিয়ানমারের সামরিক জান্তা বলেছে, অভ্যুত্থান বিরোধী কমপক্ষে ৫০০০ বন্দিকে তারা মুক্তি দিয়েছে। অভ্যুত্থানের পর কমপক্ষে ৭২৯১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং শাস্তি দেয়া হয়েছে।















