নারীদের কাপড় খুলে তল্লাশি, মামলা দায়ের

260
নারীদের কাপড় খুলে তল্লাশি, মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক :: দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ট্রেলিয়ার ১৩ জন নারীকে কাপড় খুলে তল্লাশি করা হয়। এমন অভিযোগ তুলে কাতারের সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

২০২০ সালের ২ অক্টোবর কাতারের দোহা বিমানবন্দরের একটি আবর্জনার বিনে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার হয়। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সন্দেহবশত কাতার এয়ারওয়েজের ১৮ জন নারী যাত্রীকে খোলা পরিবেশে নার্সের তত্ত্বাবধানে কাপড় খুলে তল্লাশি চালায়। তাদের মধ্যে ২ জন ব্রিটিশ এবং বাকি ১৬ জন নারী অস্ট্রেলীয়।

যদিও এক বছরের বেশি সময় আগের এ ঘটনায় কাতার সরকার অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চেয়েছে, তবুও মামলা করেছেন ভুক্তভোগী নারীরা। ভুক্তভোগী নারীরা জানান, পাঁচ মিনিট ধরে পরীক্ষা করে দেখার পর সন্দেহজনক কিছু না পাওয়ায় তাদেরকে ফের বিমানে নিয়ে আসা হয়।

ওই নারীদের আইনজীবী ড্যামিয়েন স্টারজাকার বলেন, ‘আমার মক্কেলরা জানিয়েছেন, তারা যখন কাতার সরকারের কাছে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন, (কাতার) সরকার কোনো উত্তর দেয়নি। তারা চান, কাতারের সরকার যেন এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয়- ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা আর ঘটবে না।’

দেশে ফিরে ঘটনার বিষয়ে তাদেরকে তল্লাশির আগে কিছু জানানো হয়নি এবং অনুমতি ছাড়া জোরপূর্বক তাদের সঙ্গে এমন আচরণ করা হয় বলে অভিযোগ জানান ওই নারীরা। এ ঘটনায় কাতারের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।

ওয়ান বাংলা নিউজ / ১৫ নভেম্বর ২০২১ / সুমন আহমদ