খেলাধুলা ডেস্ক :: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে খেলেছে বাবর আজমরা।
যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান।
তবে তাতে আফসোস থাকলেও কষ্ট নেই পাক সমর্থকদের হৃদয়ে। তাদের মতে, গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলা পাকিস্তান দলকে নিয়ে গর্ব করা যায়। বিশেষ করে প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েই সমর্থকদের মন আনন্দে ভরে দিয়েছে বাবর আজমরা। তাই ফাইনালে না উঠলেও বাবর আজমরা হৃদয় জয় করে নিয়েছে।
অসিদের বিপক্ষে ম্যাচ হারার পর বাবর আজম ও তার দলের প্রশংসায় খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেছেন।
এক টুইটে ইমরান খান লিখেছেন, ‘এই পরাজয়ের পরও তোমরা গর্ব করতে পারো। কারণ তোমরা চমৎকার ক্রিকেট খেলেছ এবং জয়ের পরও তোমরা যে নম্রতা দেখিয়েছ তার জন্য সকলেই গর্বিত। অভিনন্দন টিম অস্ট্রেলিয়া।’
একইরকম বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার। পাকিস্তানের এই টি-টোয়েন্টি দলকে নিয়ে তিনি বেশ গর্বিত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর রমিজ রাজা টুইটে লেখেন, ‘তোমরা সত্যিকার অর্থেই দেশকে একতাবদ্ধ করেছ। লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সতেজ করেছ। যেভাবে তোমরা লড়েছ, তাতে আমরা গর্বিত। ভালো খেলেছ ছেলেরা। তোমাদের অভিনন্দন।’
হেরে গেলেও বাবর আজমের দল মাঠে তাদের সেরাটা দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা বলেছেন, ‘পাকিস্তান হেরে যাওয়ায় কষ্ট পেয়েছি। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা দলকে সমর্থন করা বন্ধ করতে পারি না। তারা সেরাটাই দিয়েছে। আমাদের মেনে নিতে হবে যে অস্ট্রেলিয়া দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ওপেনার রিজওয়ান ও ফখর জামানের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। সেই লক্ষ্যের তাড়ায় ১৯তম ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ৫ উইকেটে জয় তুলে নেন ম্যাথু ওয়েড।
ওয়ান বাংলা নিউজ / ১৩ নভেম্বর ২০২১ / সুমন আহমদ















