আন্তর্জাতিক ডেস্ক: মোট জনগোষ্ঠীর অর্ধেককে পূর্ণাঙ্গ ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়া সম্পন্ন হলেই আগামী মাসের শেষ থেকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। পার্লামেন্টে সোমবার এ কথা বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, বিশ্বের চতুর্থ বৃহৎ জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এশিয়ায় করোনা ভাইরাসের অন্যতম এক এপিসেন্টার এই দেশটি। সেখানে জনসংখ্যা কমপক্ষে ২৭ কোটি। এই জনগোষ্ঠীকে টিকা দিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন কোম্পানির টিকা। এ পর্যন্ত জনসংখ্যার শতকরা ২৯ ভাগকে টিকা দেয়া হয়েছে। এ অবস্থায় শতকরা ৫০ ভাগ মানুষকে টিকা দেয়া হয়ে গেলেই বুস্টার ডোজ দেয়া শুরু করবে সরকার।
পার্লামেন্ট শুনানিতে মন্ত্রী বলেন, বিশ্বে অবিচার ও জাতিগত বিভেদ খুব বেশি। এখনও অনেক দেশ টিকার প্রথম ডোজ পায়নি। তিনি আরো বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে প্রবীণ এবং দরিদ্ররা অগ্রাধিকার পাচ্ছেন এবং বিনামূল্যে টিকা পাচ্ছেন। তবে বাকিদেরকে অর্থের বিনিময়ে টিকা নিতে হতে পারে। এরই মধ্যে অনেক স্বাস্থ্যকর্মী বুস্টার ডোজ নিয়েছেন। ওদিকে বৃটেন ও জার্মানি টিকা দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর অস্ট্রেলিয়া সোমবার থেকে বুস্টার ডোজ শুরু করেছে । থাইল্যান্ড সিনোভ্যাকের টিকা বুস্টারডোজ হিসেবে ব্যবহার করছে।















