টিকটকে ছোট নৌকায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার বিজ্ঞাপন, উত্তর লন্ডনে গ্রেপ্তার ২৯ বছর বয়সী ব্যক্তি

54

সাইফ হাসান: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছোট নৌকায় মানবপাচারের প্রচারণা চালানোর অভিযোগে লন্ডনে ২৯ বছর বয়সী এক যুবককে গ্রে*প্তার করেছে পুলিশ। উত্তর লন্ডনের ব্রেন্ট এলাকার বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য থেকে ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো দেশে অবৈধভাবে মানুষ পারাপারের বিজ্ঞাপন দিচ্ছিলেন ওই ব্যক্তি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যে অনলাইনে অবৈধ অভিবাসনের প্রচারণা চালানোকে আইনত দণ্ডনীয় অপ*রাধ হিসেবে ঘোষণা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রেখেছে প্রশাসন।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ জানিয়েছে, গত ৩ নভেম্বর বৃহস্পতিবার উত্তর লন্ডনের ব্রেন্ট এলাকায় ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন তদন্তকারী কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ অভিবাসন সেবার প্রচার বন্ধে দেশজুড়ে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংস্থাটির জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা মার্টিন ম্যাথিউস জানান, সংগঠিত অভিবাসন অপরাধ চক্রের মূলোৎপাটন করাই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, এই চক্রগুলোর কার্যক্রম ভেঙে দিতে প্রশাসন সর্বশক্তি দিয়ে কাজ করছে এবং অনলাইনে সন্দেহভাজন নৌকা পারাপারের বিজ্ঞাপনদাতাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে এখন নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে ছোট নৌকার আসন বিক্রির কাজে ব্যবহৃত প্রায় ১৮ হাজার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এনসিএ। যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১০ হাজার বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

#যুক্তরাজ্য #লন্ডন #মানবপাচার #aknews #onebanglanews