মার্সেল-বিএসপির স্পোর্টস কার্নিভাল আজ

92
মার্সেল-বিএসপির স্পোর্টস কার্নিভাল আজ

খেলাধুলা ডেস্ক :: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় আজ শুরু হতে যাচ্ছে ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২১’। যেখানে বিএসপিএ’র শতাধিক সদস্য ৮টি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)সহ অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবার সর্বমোট ৮টি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হবে। সবক’টি ডিসিপ্লিনের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এবারের কার্নিভালের ইভেন্টগুলো হলো- ক্যারম একক, ক্যারম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, দাবা, শুটিং, গোলক নিক্ষেপ, কলব্রিজ, টোয়েন্টি নাইন ও আর্চারি।

এবারও যথারীতি ৮ ডিসিপ্লিনের রেটিং পয়েন্টের ভিত্তিতে কার্নিভালের সেরা ক্রীড়াবিদকে ‘বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার ২০২১’ এর জন্য মনোনীত করা হবে। এছাড়া প্রত্যেক ডিসিপ্লিনের বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা তো থাকছেই। সংবাদ সম্মেলনে বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান।

ওয়ান বাংলা নিউজ / ৭ নভেম্বর ২০২১ / সুমন আহমদ