মহারাষ্ট্রে হাসপাতালে আগুন লেগে ১০ কোভিড রোগীর মৃত্যু

233

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র প্রদেশের আহমেদনগরের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার পর সেখানে ছুটে গেছেন স্থানীয় সরকারের মন্ত্রী হাসান মুশরিফ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

স্বাস্থ্য দপ্তরের সূত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে, আহমেদনগর সিভিল হাসপাতালের আইসিইউর দুটি বিভাগ রয়েছে। একটি প্রথম তলায়, অপরটি হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে। আগুন লাগে গ্রাউন্ড ফ্লোরে থাকা আইসিইউতে।

সেখানে ভর্তি ছিল ১৭ কোভিড রোগী। তাদের সবাইই হতাহত হয়েছেন। এ নিয়ে এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, মহারাষ্ট্রের আহমেদনগরের হাসপাতালে আগুন লেগে মৃত্যুর ঘটনায় আমি শোকার্ত। তিনি হতাহতের পরিবারের প্রতি সমাবেদনা জানান।

ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আগুন লাগার পর দ্রুতই সেখানে দমকল কর্মীরা পৌঁছান। তবে তাতে শেষ রক্ষা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এখন হতাহতের পরিচয় নির্নয়ের চেষ্টা করছেন। ঘটনার গভীর তদন্ত দাবি করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনাবিশ।