‘দুঃখের রানী’ মারিলিয়া বিমান দুর্ঘটনায় নিহত

101

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা (২৬) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের মিনাস গেরেইস রাজ্যে এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন।

নিহত অন্যরা হলেন- মারিলিয়ার চাচা, তার প্রযোজক ও দুজন ক্রু সদস্য।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কারাটিঙ্গা শহরে কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল মারিলিয়ার। সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি।

দুর্ঘটনার এক ঘণ্টা আগেও তিনি ব্যক্তিগত এয়ারক্র্যাফটে বসার প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করছে ব্রাজিল কর্তৃপক্ষ।

২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া মারিলিয়া সাধারণত প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে নারীদের অভিজ্ঞতা সম্পর্কিত গান গেয়ে সবার নজরে আসেন। তিনি ‘দুঃখের রানী’ হিসেবেও পরিচিত ছিলেন।

কিশোরী বয়সে গান গাওয়া শুরু করলেও ২০১৬ সালে একটি হিট গান দিয়ে জাতীয় তারকা হয়ে ওঠেন মারিলিয়া।

 

ওয়ানবাংলানিউজ / ৬ নভেম্বর ২০২১ / আল-আমিন