খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২-এ মার্টিন গাপটিলের ঝড়ো ইনিংসের বদৌলতে স্কটল্যান্ডকে বড় টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ব্ল্যাকক্যাপসরা। দলের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন গাপটিল। তবে ইনিংসের ১৯তম ওভারে ব্র্যাডলি হুইলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যালাম ম্যাকলিওডের হাতে ধরা পড়েন তিনি। শতকের খুব কাছে গিয়েও ফিরতে হয় ৯৩ রানে। ৫৬ বলে ঝড়ো ইনিংসটি সাজান ৬টি চার ও ৭টি ছয়ের মারে।
তার এ রানের বদৌলতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭২ রানের পুঁজি পেয়েছে কিউইরা। স্কটিশদের বিপক্ষে এ ম্যাচ জিতলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে নিউজিল্যান্ড।













