ঢাকা সংবাদদাতা: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনকে আদালতে তোলা হচ্ছে।
শুক্রবার দুপুরে ওই চার আসামিকে আদালতে নিয়ে আসবে তদন্ত সংস্থা সিআইডি। আসামিদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডের আবেদন করবে সিআইডি।
এর আগে গত শনিবার এ মামলায় ইকবালসহ চারজনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।
এ বিষয়ে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, অভিযুক্ত ইকবালসহ চার আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তারা মুখ খুলতে শুরু করেছে। আজ শুক্রবার সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করব।















