খেলাধুলা ডেস্ক :: হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আফ্রিকার দেশ নামিবিয়াই একের পর এক গড়ছে ইতিহাস। সবশেষ বুধবার রাতে সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। এর আগে প্রথমপর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে নাম লেখায় তারা।
আইসিসির নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হয়েছে নামিবিয়া। এছাড়া নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টানা তিনটি ম্যাচ জিতেছে এ দলটি। শুধু তাই নয়, এক আসরে জয়ের সংখ্যায় বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে নামিবিয়া।
বাংলাদেশ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে। চলতি বিশ্বকাপে পাওয়া দুই জয়সহ বিশ ওভারের বিশ্ব আসরে বাংলাদেশ দল জিতেছে সব মিলিয়ে ৭টি ম্যাচ। বিশ্বকাপের কোনো আসরেই দুইয়ের বেশি জয় নেই বাংলাদেশ দলের।
চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুইটি জিতেছে বাংলাদেশ। আরো তিনটি ম্যাচ সামনে রয়েছে। সেখানে অন্তত একটি জিতলেও এক আসরে তিন জয় হবে বাংলাদেশের। কিন্তু তাদের আগেই মাত্র চার ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতে নিয়েছে নামিবিয়া।
শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে কখনো প্রথমপর্বের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চলতি বিশ্বকাপের আগে ২০০৭, ২০১৪ ও ২০১৬ সালের আসরে প্রথমপর্বের বাধা পেরিয়েছে তারা। কিন্তু দ্বিতীয়পর্বে গিয়ে আর মেলেনি জয়ের দেখা।
বাংলাদেশ দল এখনও অপেক্ষায় রয়েছে বিশ্বকাপের প্রথমপর্ব বাদে একটি জয়ের। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই টানা তিন জয়সহ সুপার টুয়েলভেও নামিবিয়া জিতে নিয়েছে একটি ম্যাচ। বলা যায়, তাই বাংলাদেশের চেয়ে এগিয়েই রয়েছে নামিবিয়া। বিশ্ব মঞ্চের প্রথম আসরেই চমক দেখাতে ভুল করেনি নামিবিয়া।
ওয়ান বাংলা নিউজ / ২৮ অক্টোবর ২০২১ / সুমন আহমদ















