ঢাকা সংবাদদাতা: গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষাকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল্যবোধ বা স্তম্ভমূল বলে পুনরুল্লেখ করা হয়েছে সদ্য সমাপ্ত ব্রাসেলস বৈঠকে। ২৬শে অক্টোবর দিনভর অনুষ্ঠিত চতুর্থ কূটনৈতিক সংলাপের সমাপনীতে জারি করা যৌথ বিবৃতিতে সেই মূল্যবোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের প্রায় সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যহারের বিষয়টি উত্থাপন করে ইইউ প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওই অ্যাক্টের কিছু বিধান ডিজিটাল অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের বিবৃত উদ্দেশ্যের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে জানিয়ে এ প্রসঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে করা মামলাগুলোর চলমান বিচারিক প্রক্রিয়ার ওপর নজর রাখার তাগিদ দেয়া হয়। ওই সব মামলার বিষয়ে বিশদভাবে অনুসন্ধানেও জোর দেয় ইইউ। যৌথ বিবৃতি মতে, বাংলাদেশ সরকারের তরফে জমা দেয়া মানবাধিকার বিষয়ক সার্বজনীন পর্যালোচনা বা ইউপিআর রিপোর্টে প্রণীত সুপারিশ বাস্তবায়ন নিশ্চিতে উৎসাহিত করে ইউরোপের ২৭ রাষ্ট্রের ওই জোট। সদ্য সমাপ্ত ব্রাসেলস বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইউপিআর রিপোর্টের আপডেট জানানো এবং এক্ষেত্রে পরস্পরের দৃষ্টিভঙ্গিও শেয়ার করা হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই কোভিড-পরবর্তী পুনরুদ্ধারে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছেন। উভয়ে যে কোনো জায়গায়, যে কোনো ধরণের সাম্প্রদায়িক সংঘাত, সহিংসতা এবং বৈষম্যের নিন্দা করেছে। ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা এভরিথিং বাট আর্মস বা ইবিএ-র গুরুত্বপূর্ণ সুবিধাভোগী হিসেবে বাংলাদেশের অব্যাহত সাফল্যের জন্য প্রশংসা করেছে ইইউ। এই প্রেক্ষাপটে, ইইউ বাংলাদেশের শ্রম খাতে তার জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ ও প্রকাশকে স্বাগত জানিয়েছে। বৈঠকে নির্ধারিত সময়সীমা অনুযায়ী এর ব্যাপক বাস্তবায়নের প্রয়োজনীয়তার তাগিদ দেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে নিরাপদ ও সবুজ কারখানার বিনিয়োগে এটা জরুরি বলে উল্লেখ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের ঘাড়ে জগদ্দল পাথর হিসেবে চেপে বসা রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। চার বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১০ লাখের অধিক রোহিঙ্গাকে অব্যাহতভাবে আতিথেয়তা প্রদানের জন্য ইইউ বাংলাদেশের জনগণ ও সরকারের উদার ভূমিকা ও পদক্ষেপের প্রশংসার পুনরাবৃত্তি করেছে। চরম ওই সঙ্কটে ইইউ যে রাজনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করছে এ জন্য ঢাকার তরফে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বৈঠকে উভয় পক্ষই রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিতে প্রয়োজনীয়তা পদক্ষেপে পরস্পরকে সহায়তার নিশ্চয়তা দেন। বাস্তুচ্যুত ওই মিয়ানমার নাগরিকদের সাময়িক আশ্রয় যতটা সম্ভব সুখকর করতে কিছু লোককে ভাসানচরে স্থানান্তর এবং তাদের জীবন-মান উন্নয়নে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারককে স্বাগত জানায় ইইউ। এ বিষয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বৃহত্তর তরুণ জনগোষ্ঠীকে বিশেষ করে শিক্ষা, উন্নত জীবিকা এবং তাদের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ ও ইইউর দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন।















