ঢাকা সংবাদদাতা :: সিরাজগঞ্জ সদরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে কে.এম সাব্বির হোসেন ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুল ইসলামের ছেলে হাসান খান। নিহতরা পরস্পরের বন্ধু ছিলেন।
সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাব্বির ও হাসান দুই বন্ধু। তারা মোটরসাইকেলে বগুড়া থেকে সিরাজগঞ্জ শহরে ফিরছিলেন। ছোনগাছা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
ওয়ান বাংলা নিউজ / ২৪ অক্টোবর ২০২১ / আল-আমিন















