সিলেট সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুরে রবিউল হক নামে ২৩ বছর বয়সী এক রেস্টুরেন্ট কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর বাস স্টেশন থকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল হক জৈন্তাপুরের পলাশী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি কুমিল্লার লাঙ্গলকোর্টের আলী আহমদের ছেলে।
জানা গেছে, সকাল ১০টায় ডিউটি শেষ করে হোটেল ভবনের তিনতলায় স্টাফদের থাকার রুমে ঘুমাতে যান রবিউল। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে যান। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে টিনের ঘরের ফাঁকা অংশ দিয়ে রবিউলের মরদেহ ঝুলতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, দরজা ভেঙে রুমে ঢুকে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওয়ান বাংলা নিউজ / ২১ অক্টোবর ২০২১ / আল-আমিন















