হবিগঞ্জে ১২ টাকার ইনজেকশন ৫০০ টাকা!

619

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জে ১২ টাকা দামের ইনজেকশন ৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ‘ইফিডিন’ নামের এই জীবন রক্ষাকারী ইনজেকশনটির দাম ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকায়।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে এই বিষয়টি ধরা পড়েছে।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযান চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, হবিগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসিতে ক্রেতা সেজে ইনজেকশনটি কিনতে যান তাদের এক কর্মচারী। ইসলাম ফার্মেসিতে ইনজেকশনটির দাম চাওয়া হয় ৬০০ টাকা।

তিনি বলেন, দাম কমানোর অনেক চেষ্টা করার পরেও ৫০০ টাকায় ওষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। এ সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত দামের অতিরিক্ত দাম রাখায় ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি ক্লিনিকের ফার্মেসিতে ইনজেকশনের দাম রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার আইনের ধারা (৪০) অনুযায়ী ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।