ডা: ফয়জুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

176

ওয়ানবাংলানিউজ ডেস্ক: সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ডা: ফয়জুল ইসলাম আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার লন্ডন সময় বিকেল ৬টা ২০মিনিটে পূর্ব লন্ডনের নিউহ্যাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।তিনি বেশকিছু যাবত হৃদরোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৯ বছর।
তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।৭৫ পরবর্তী দলের দু:সময়ে তিনি বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং দীর্ঘদিন তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।অনেক গুলো বই তিনি রচনা করে গেছে।

সদ্য প্রয়াত ডা: ফয়জুল বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর সিলেট জেলা শাখার প্রথম যুগ্ম আহবায়ক এবং ১৯৭৭ সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করছিলেন।তার পৈতৃক নিবাস সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাউরবাগ গ্রামে।

ভদ্র ও সদালাপী জনাব ইসলাম যুক্তরাজ্যের বাঙ্গালী কমিনিটিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।শনিবার ১৮ সেপ্টেম্বর ইষ্ট লন্ডন মসজিদে বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।কমিনিটির বিভিন্নস্হরের বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।পরে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট গোরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজনসহ বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ডা. ফয়জুল ইসলাম ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক বিবৃতিতে শোকপ্রকাশ করে বলেন, ডা. ফয়জুল ইসলাম সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করেছেন। তিনি ৭৫ পরবর্তী বাঙালির দু:সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতির ও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সহজ, সরল অমায়িক মানুষ ছিলেন ডা. ফয়জুল ইসলাম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন- অগ্রযাত্রার, এগিয়ে যাওয়ার বাংলাদেশের পক্ষে ও তার ভূমিকা ছিলো প্রশংসনীয়।ডা. ফয়জুল ইসলাম তার কর্মের মধ্যেই বেঁচে থাকবেন,মানুষের মাঝে। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার শোকাহত।

নেতৃবৃন্দ মরহুম ডা. ফয়জুল ইসলামের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান রাব্বুল আলামিন যেনো মরহুমকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ডা. ফয়জুল ইসলামের শোকাহত পরিবার পরিজনের প্রতি ও গভীর সমবেদনা প্রকাশ করেন।

এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন ও কমিনিটির বিশিষ্টজনেরা ডা: ফয়জুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।

এদিকে ডা: ফয়জুল ইসলামের দীর্ঘদিনের লালিত সংগঠন সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ২৩ সেপ্টম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে তার রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিল এবং একই ভেন্যুতে এক শোক সভার আয়োজন করা হয়েছে।এতে কমিনিটির সকলের উপস্হিতি কামনা করা হচ্ছে ।